Home চট্টগ্রাম জ্বালানি সক্ষমতা বৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের বিকল্প নেই

জ্বালানি সক্ষমতা বৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের বিকল্প নেই

‘সবুজ জ্বালানি বিষয়ক প্রচারণা কর্মসূচি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম:  জ্বালানি সংকট মোকাবিলা এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। বুধবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘সবুজ জ্বালানি বিষয়ক প্রচারণা কর্মসূচি’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, ‘ক্লিন’ এবং ‘বিডব্লিউজিইডি’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্বালানি তেলের তীব্র সংকটে পেট্রোল পাম্প থেকে শুরু করে শিল্প-কারখানা ও অফিস-আদালত আজ অচলপ্রায়। টাকা থাকলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি পাওয়া যাচ্ছে না, যা আমাদের জাতীয় অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। যদি শুরু থেকেই সৌর, পানি বা বায়ু বিদ্যুতের মতো প্রাকৃতিক উৎসে বিনিয়োগ বাড়ানো হতো, তবে আজ এই চরম সংকটে পড়তে হতো না।
কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই-এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন।
ক্যাব বিভাগীয় সংগঠক রাসেল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আবদুল মান্নান, ক্যাব চান্দগাঁও থানার সভাপতি মোঃ জানে আলম, আইএসডিই-এর প্রকল্প সমন্বয়কারী শম্পা কে নাহার, প্রজেক্ট অফিসার রাইসুল ইসলাম ও অ্যাডমিন অফিসার আবদুল মান্নান জিহাদ।
এস এম নাজের হোসাইন তাঁর বক্তব্যে বলেন, “জীবাশ্ম জ্বালানির ওপর অতি-নির্ভরশীলতার কারণেই আজ আমরা জ্বালানি নিরাপত্তাহীনতায় ভুগছি। ইরান যুদ্ধের মতো বৈশ্বিক অস্থিরতায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। তরুণ প্রজন্মকে এখন থেকেই সবুজ জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে সচেতন করতে হবে, যাতে ভবিষ্যতে একটি টেকসই ও জ্বালানি-নির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা বড়ুয়া বলেন, আগামী প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে সবুজ জ্বালানির ধারণা ছড়িয়ে দিতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করে নবম শ্রেণির ছাত্রী সোহাইলা করিম চৌধুরী। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে তাহিয়াত তারান্নুম আরশি ও তুনাজ্জিয়া নুর। অন্যদিকে, রচনা প্রতিযোগিতায় উনাইছা আমরিন প্রথম, আদওয়া জাহান দ্বিতীয় এবং মৌমিতা দাস বর্ষা তৃতীয় স্থান লাভ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
দেশের পরিবেশ ও জ্বালানি খাতের এমন সব গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত আপডেট পেতে businesstoday24.com ফলো করুন