বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বগুড়া: বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন তিলকপুর স্টেশনে আজ বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। এই ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি তিলকপুর স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দে বগিগুলো লাইন থেকে বিচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা ও নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সান্তাহার ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় এবং রেললাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ স্বাভাবিক করতে বেশ দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে এই রুটে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেন নিকটস্থ স্টেশনগুলোতে আটকা পড়েছে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রেলওয়ে বিভাগ থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে বগিগুলো সরিয়ে লাইন মেরামতের কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।










