বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খাগড়াছড়ি: পানছড়ি উপজেলায় মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইমন আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি করাতকলের (স’ মিল) সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ভোরে ইমোন হোসেন সাংগঠনিক কাজে বের হয়ে ইসলামপুর এলাকায় করাতকলের সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা এই হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেছেন। তবে অভিযোগের বিষয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহালসহ আনুষঙ্গিক কাজ শুরু করেছে। নিহত যুবক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে।