টেকসই গণতন্ত্রের জন্য তরুণ ভোটারদের অংশগ্রহণ অপরিহার্য
চকরিয়া, কক্সবাজার: একটি সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়া গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, তরুণ সমাজই আগামীতে দেশের হাল ধরবে। তাই তরুণরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বিশেষ করে ভোটাধিকার প্রয়োগে সক্রিয় না হয়, তবে গণতন্ত্র কখনোই টেকসই হবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইএফইএস (IFES)-এর সহযোগিতায় এবং আইএসডিই (ISDE) বাংলাদেশ-এর উদ্যোগে পেকুয়া উপজেলার উপকূলীয় রাজাখালী ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আয়োজিত “ভোটার এডুকেশন: যুব ওরিয়েন্টেশন ও মক ভোটিং” কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের গণতন্ত্রের মূল শক্তি। সচেতন ও দায়িত্বশীল ভোটার তৈরির মাধ্যমেই একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। বিশেষ করে নতুন ভোটারদের মধ্যে ভোটদান প্রক্রিয়ার জটিলতা দূর করতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে হাতে-কলমে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
কর্মসূচির প্রধান আকর্ষণ ছিল মক ভোটিং প্রদর্শনী। এর মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বাস্তব ভোট প্রদানের অভিজ্ঞতা প্রদান করা হয়। এছাড়া আলোচনায় প্রাধান্য পায়:
প্রথম ভোটার হিসেবে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব।
নির্বাচনকালীন ভ্রান্ত তথ্য বা ‘মিস ইনফরমেশন’ সম্পর্কে সচেতন থাকা।
রাজাখালী ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফইএস-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রোমানা আমিন অর্চি। বিশেষ অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই-এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন এবং আইএফইএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কলেজের প্রভাষক মঈন উদ্দিন, নুরুল আমিন, আইএসডিই-এর জাহাঙ্গীর আলম, সুমপম বড়ুয়া, মো. কামাল উদ্দিন প্রমুখ।
আইএসডিই-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার তরুণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে এই সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ওরিয়েন্টেশন শেষে অংশগ্রহণকারী ৭০ জন শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ভোটার এডুকেশন সংক্রান্ত লিফলেট ও তথ্য উপকরণ বিতরণ করা হয়।
-সংবাদ বিজ্ঞপ্তি










