Home Third Lead টাইপ-২ ডায়াবেটিস শনাক্তের পাঁচ বছরের মধ্যে মৃত্যুর উচ্চ ঝুঁকি: গবেষণা

টাইপ-২ ডায়াবেটিস শনাক্তের পাঁচ বছরের মধ্যে মৃত্যুর উচ্চ ঝুঁকি: গবেষণা

হেলথ ডেস্ক

টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে প্রায় একজন শনাক্ত হওয়ার পাঁচ বছরের মাথায় হার্ট ফেইলিউর, ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হতে পারেন অথবা মৃত্যুবরণ করতে পারেন। দীর্ঘমেয়াদে অর্থাৎ দশ বছরের মধ্যে এই জটিলতাগুলোর ঝুঁকি বেড়ে ৫৫ শতাংশেরও বেশি হয়। ইউরোপীয় অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব ডায়াবেটিসের (ইএএসডি) বার্ষিক সম্মেলনে উপস্থাপিত এক বৃহৎ গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ২০১০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া প্রায় ১৬ লাখেরও বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, আক্রান্তদের গড় বয়স ছিল ৫৯ বছর এবং সিংহভাগ রোগীর স্থূলতা, উচ্চ রক্তচাপ ও উচ্চ মাত্রার কোলেস্টেরল ছিল।

গবেষণায় দেখা গেছে, রোগ নির্ণয়ের পাঁচ বছরের মধ্যে প্রায় এক-পঞ্চমাংশ রোগীর দীর্ঘমেয়াদী কিডনি রোগ তৈরি হয়, যা হার্ট ফেইলিউরের ঝুঁকির চেয়ে দ্বিগুণেরও বেশি। তবে যাদের প্রথমে হার্ট ফেইলিউর দেখা দেয়, পরবর্তী পাঁচ বছরে তাদের কিডনি রোগের ঝুঁকি ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। একইভাবে, যাদের প্রথমে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, তাদের হার্ট ফেইলিউরের আশঙ্কা বাড়ে প্রায় ২৩ শতাংশ। গবেষকরা উল্লেখ করেছেন, হৃদযন্ত্র ও কিডনির এই ক্ষতি একটি দুষ্টচক্রের মতো একে অপরের ক্ষতিকে ত্বরান্বিত করে।

প্রধান গবেষক অধ্যাপক নাভিদ সাত্তার জানান, স্থূলতা, অতিরিক্ত চর্বি, রক্তচাপ ও অনিয়ন্ত্রিত শর্করা রক্তনালী ও গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ব্যাপক ক্ষতি করে। তাই প্রাথমিক অবস্থাতেই টাইপ-২ ডায়াবেটিস শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে জীবনযাত্রার মান পরিবর্তন করে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

গবেষণায় আরও দেখা গেছে, টাইপ-২ ডায়াবেটিস কেবল রক্তে শর্করা বাড়ায় না, বরং ক্যানসারের ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি করে। ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি সাধারণের তুলনায় ২২ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ১২ শতাংশ বেশি। তবে ওজন নিয়ন্ত্রণের আধুনিক কিছু ওষুধ রক্তে শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি কিডনি রোগের ঝুঁকি প্রায় ২৪ শতাংশ পর্যন্ত কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রাথমিক সচেতনতা ও দ্রুত চিকিৎসা গ্রহণই পারে এই মারাত্মক ঝুঁকিগুলো প্রতিরোধ করতে।

নিয়মিত স্বাস্থ্য ও সমসাময়িক খবরের আপডেট পেতে businesstoday24.com অনুসরণ করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।