বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে ফোন করে তার খোঁজখবর নেন তিনি।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, ফোনালাপে নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে শুক্রবার রাতের ঘটনার বিস্তারিত তুলে ধরেন। প্রধান উপদেষ্টা তাকে আশ্বস্ত করে বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশের হামলায় নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথক বিবৃতি দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।










