বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চকরিয়া:কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা ‘লাল সবুজ পরিবহন’-এর একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। একই সময়ে যাত্রী নিয়ে ঈদগাঁও থেকে চকরিয়ার দিকে আসছিল একটি লেগুনা। মহাসড়কের খুটাখালী নয়াপাড়ায় পৌঁছালে বাসটি বিপরীতমুখী লেগুনাটিকে সজোড়ে চাপা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের কক্সবাজার সদর হাসপাতাল ও চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহেদ, রফিক ও জিয়াবুল হকের মৃত্যু হয়। অন্য দিকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন।
নিহতরা হলেন— চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), একই উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
আহত অন্য পাঁচজন বর্তমানে দুই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সামশুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।