বিজেনসটুডে২৪ প্রতিনিধি, মেহেরপুর:মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, নেতা মনোয়ারুল হোসেন চঞ্চল ও আজিমুল বারি লাভলুসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া উত্তেজনা দুপুর গড়িয়ে বিকেল ৩টা পর্যন্ত চলতে থাকে। সংঘর্ষ থামাতে যৌথ বাহিনীর সদস্যরা মাঠে নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং তার ভাই সফিকুল ইসলামের নেতৃত্বে একটি পক্ষ সম্মেলনে অংশ নিতে আসা অন্যদের বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রথমে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষ শুরু হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত তিন দফা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লাঠিসোঁটাসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত নেতাকর্মীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










