Home চট্টগ্রাম তারেক রহমানের নেতৃত্বেই আসবে জনগণের ম্যান্ডেট: গোলাম আকবর খোন্দকার

তারেক রহমানের নেতৃত্বেই আসবে জনগণের ম্যান্ডেট: গোলাম আকবর খোন্দকার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও বৈপ্লবিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য  গোলাম আকবর খোন্দকার।

এক বিবৃতিতে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত শূন্যতায় এবং দলের এই ক্রান্তিকালে গঠনতন্ত্র অনুযায়ী  তারেক রহমান সম্মানিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় আমরা উজ্জীবিত। ১৭ বছরের দীর্ঘ নির্বাসন কাটিয়ে তিনি বীরের বেশে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। তার সুযোগ্য নেতৃত্বে বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী।”

গোলাম আকবর খোন্দকার আরও উল্লেখ করেন যে, তারেক রহমান কেবল একজন নেতা নন, তিনি কোটি কোটি জাতীয়তাবাদী কর্মীর আস্থার প্রতীক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বেই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, তাঁর হাত ধরেই শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রীর স্বপ্ন বাস্তবায়ন হবে।”

বিবৃতিতে জনাব খোন্দকার দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।