Home খেলাধুলা ২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দেশ?

২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দেশ?

স্পোর্টস ডেস্ক :
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে অপ্টা (Opta) স্পোর্টস-এর সুপারকম্পিউটার ১০,০০০ বার সিমুলেশনের মাধ্যমে একটি সম্ভাব্য বিজয়ী তালিকা তৈরি করেছে। আগামী ১১ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আটলান্টিকের ওপারে উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) শুরু হচ্ছে ৪৮ দলের এই বিশ্বযজ্ঞ। চূড়ান্ত ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
অপ্টার সুপারকম্পিউটার গণনা অনুযায়ী শিরোপা জেতার দৌড়ে শীর্ষ পাঁচ দলের তালিকা নিচে দেওয়া হলো:
১. স্পেন (১৬.১% সম্ভাবনা): বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন শিরোপা জয়ের প্রধান দাবিদার। দলে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় না থাকলেও বার্সেলোনার একঝাঁক তরুণ ও লামিন ইয়ামালের মতো প্রতিভাবান তারকাদের ওপর ভর করে দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা দেখছে লুইস দে লা ফুয়েন্তের দল।
২. ফ্রান্স (১৩.০% সম্ভাবনা): চার বছর আগের রানার্স-আপ এবং ২০১৮-এর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স তালিকার দ্বিতীয় স্থানে। কিলিয়ান এমবাপে ও ওসমানে দেম্বেলের মতো বিধ্বংসী আক্রমণভাগের কারণে দিদিয়ে দেশমের দলের শিরোপা পুনরুদ্ধারের জোরালো সম্ভাবনা রয়েছে।
৩. ইংল্যান্ড (১১.২% সম্ভাবনা): ১৯৬৬ সালের পর প্রথম বড় কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের লক্ষ্যে থাকা থমাস টুখেলের ইংল্যান্ডের সম্ভাবনা তৃতীয় সর্বোচ্চ। হ্যারি কেইনের নেতৃত্বে একঝাঁক তারকা নিয়ে দল সাজিয়েছে থ্রি লায়ন্সরা।
৪. আর্জেন্টিনা (১০.৪% সম্ভাবনা): বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১০.৪% সম্ভাবনা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। লিওনেল মেসি দলে থাকলেও, খেলোয়াড়দের ফিটনেস সমস্যা এবং বিশ্বকাপের আগে বড় কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ না খেলায় তাদের সম্ভাবনা কিছুটা পিছিয়ে পড়েছে।
৫. পর্তুগাল (৭.০% সম্ভাবনা): ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপে পর্তুগালের সম্ভাবনা ৭%। ব্রুনো ফার্নান্দেস, ভিতিনহা এবং জোয়াও নেভেসের মতো তারকাদের নিয়ে গড়া পর্তুগাল দলটিকে অন্যতম শক্তিশালী স্কোয়াড ধরা হচ্ছে।
অন্যান্য উল্লেখযোগ্য পরিসংখ্যান
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা ৬.১% এবং জার্মানির ৫.৫%। অন্যদিকে, গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো আফ্রিকান দেশগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে, যাদের ট্রফি জয়ের সম্ভাবনা ১.৯% হলেও আবারও সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা ১০.২৮%।
ভিজিট করুন: www.businesstoday24.com