Home আন্তর্জাতিক মার্কিন স্বপ্নের সামনে দেওয়াল: বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর নিষেধাজ্ঞার খড়গ

মার্কিন স্বপ্নের সামনে দেওয়াল: বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর নিষেধাজ্ঞার খড়গ

মোস্তফা তারেক, নিউইয়র্ক: বিশ্বজুড়ে উত্তেজনা ও আলোচনার ঝড় তুলে যুক্তরাষ্ট্র তাদের ভিসা নীতিতে আনছে এক যুগান্তকারী পরিবর্তন। আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফক্স নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কনস্যুলার অফিসগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে যে, বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ না হওয়া পর্যন্ত এই ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।

কেন এই কঠোর পদক্ষেপ?

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সেইসব বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকানো, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করতে পারেন। মূলত, অভিবাসন আইনের তথাকথিত ‘পাবলিক চার্জ’ বিধানের অধীনে নতুন যাচাই-বাছাই নিয়মগুলো কঠোরভাবে পালনের জন্য বিশ্বজুড়ে দূতাবাসগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

এই নির্দেশনায় আবেদনকারীদের স্বাস্থ্য, ইংরেজি ভাষা শেখার ক্ষমতা, অর্থনৈতিক সুবিধা এবং দীর্ঘকালীন চিকিৎসা সহায়তা গ্রহণের সম্ভাব্যতার ওপর ভিত্তি করে ভিসা প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছিল। এমনকি বয়স্ক এবং অতিরিক্ত ওজনের ব্যক্তিদেরও ভিসা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় কোন দেশগুলো?

এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জর্দান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

গত বছর জুনে ট্রাম্প প্রশাসন ৪৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং আরও ৭টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছিল, যার অধিকাংশই ছিল আফ্রিকা মহাদেশের দরিদ্র রাষ্ট্র। অভিযোগ ছিল, এসব দেশের নাগরিকরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যান।

এই নতুন নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে জোর আলোচনা।