Home বিনোদন বেদনার অন্য নাম মীনা কুমারী

বেদনার অন্য নাম মীনা কুমারী

মীনা কুমারী
বিনোদন ডেস্ক:
হিন্দি সিনেমার ইতিহাসে কিছু নাম চিরকালের জন্য অক্ষয় হয়ে থাকে, যাদের অভিনয় আর ব্যক্তিজীবন দুটোই রূপালি পর্দার গল্পকেও হার মানায়। এমন এক অবিস্মরণীয় নক্ষত্র মীনা কুমারী। শুধু হিন্দি সিনেমার একজন কিংবদন্তি অভিনেত্রীই নন, তিনি ছিলেন একাধারে প্লেব্যাক গায়িকা ও প্রতিভাবান উর্দু কবি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তাঁকে অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিবেচনা করা হয়। রুপালি পর্দায় বিরহ, বেদনা আর কান্নার চরিত্রে তাঁর নিখুঁত অভিনয়ের কারণে চলচ্চিত্র দুনিয়ায় তিনি চিরস্মরণীয় হয়ে আছেন ‘দ্য ট্র্যাজেডি কুইন’ নামে।
১৯৩৩ সালে জন্ম নেওয়া এই মহান অভিনেত্রীর আসল নাম ছিল মাহজাবীন বানু। মাত্র চার বছর বয়স থেকে পারিবারিক আর্থিক অনটনের কারণে শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় জীবনের শুরু হয়। পরবর্তীতে ‘বৈজু বাওরা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি মূল অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এরপর ‘পরিণীতা’, ‘সাহেব বিবি অউর গুলাম’ এবং তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ ‘পাকিজাহ’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয়ের এমন এক উচ্চতায় পৌঁছান, যা আজও নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য একটি বড় অনুকরণীয় দৃষ্টান্ত।
অভিনয়ের পাশাপাশি তাঁর আরেকটি সত্ত্বা ছিল, তা হলো কবি সত্ত্বা। ‘নাজ’ ছদ্মনামে তিনি চমৎকার সব উর্দু কবিতা লিখতেন, যা তাঁর ভেতরের গভীর একাকীত্ব ও সংবেদনশীল মনের পরিচয় দেয়। অসাধারণ সাফল্য এবং কোটি ভক্তের ভালোবাসা পেলেও মীনা কুমারীর ব্যক্তিগত জীবন ছিল চরম ট্র্যাজেডিতে ভরা। বৈবাহিক জীবনের টানাপোড়েন, মানসিক অবসাদ এবং তীব্র একাকীত্ব তাঁকে ঠেলে দিয়েছিল মদের অন্ধকারের দিকে।
মাত্র ৩৮ বছর বয়সে, যখন তাঁর অমর সৃষ্টি ‘পাকিজাহ’ সিনেমাটি দেশজুড়ে ঝড় তুলছিল, ঠিক তখনই লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে এই মহান শিল্পী পৃথিবীর মায়া ত্যাগ করেন। রূপালি জগতের আলো ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে থাকা এক বুক কান্না নিয়ে বিদায় নেওয়া এই ‘ট্র্যাজেডি কুইন’ তাঁর কাজের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন সিনেমা প্রেমীদের হৃদয়ে।
 ভিজিট করুন www.businesstoday24.com