আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের ন্যাশনাল স্ট্যাটিস্টিকস ইনস্টিটিউটের (আইএনই) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সেউতা শহরের জনতাত্ত্বিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন হিসেবে ‘মোহাম্মদ’ এখনো সেখানকার পুরুষদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম। শহরটিতে অন্তত ২,৫০০ জন পুরুষের নাম মোহাম্মদ, যা ঐতিহ্যবাহী স্প্যানিশ নাম যেমন আন্তোনিও বা ফ্রান্সিসকো জাভিয়েরের তুলনায় অনেক বেশি।
নারীদের ক্ষেত্রেও একই ধরণের চিত্র ফুটে উঠেছে। ফাতিমা, মারিয়া দেল কারমেন এবং মারিয়া—এই নামগুলো তালিকার শীর্ষে রয়েছে, যা শহরটিতে মুসলিম ও ক্যাথলিক ঐতিহ্যের সহাবস্থানের স্পষ্ট ইঙ্গিত দেয়।
পরিসংখ্যান বলছে, এই প্রবণতা কয়েক দশকের পুরনো। ১৯৭০-এর দশক থেকেই মোহাম্মদ নামটি ছেলেদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এবং পরবর্তী প্রজন্মগুলোতেও এর আধিপত্য বজায় রেখেছে। তবে সাম্প্রতিক তথ্যে বৈচিত্র্যের ছোঁয়া দেখা যাচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে সারা, মরিয়ম এবং আমিরা-র মতো নামগুলো জনপ্রিয় হয়ে উঠছে, যা পরিবর্তনশীল জনতাত্ত্বিক ও সাংস্কৃতিক প্রভাবকে নির্দেশ করে।
মূলত সেউতার মানুষের নামকরণের এই ধরণ শহরটির জনসংখ্যা কাঠামোরই একটি দর্পণ, যেখানে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায় মিলেমিশে বসবাস করছে। এটি স্পেনের সাংস্কৃতিক সমন্বয়ের অন্যতম একটি উজ্জ্বল উদাহরণ।