বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার: শ্রীমঙ্গলে এক নজিরবিহীন ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের প্রস্তুতির সময় হাফিজ মিয়া নামে এক মুসল্লিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পবিত্র ধর্মীয় স্থানে এমন নৃশংসতায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকারই স্থায়ী বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও তিনি ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়েছিলেন। নামাজের প্রস্তুতি নেওয়ার সময় আচমকা একই এলাকার জসিম মিয়া তার ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং এলোপাতাড়ি আঘাত করতে থাকে। মসজিদের ভেতরেই রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে হাফিজ মিয়ার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করতে সক্ষম হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়, তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত কারণ উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
মসজিদের মতো পবিত্র স্থানে এমন সহিংস ঘটনায় স্থানীয়রা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।