Home সারাদেশ সড়ক দুর্ঘটনায় রামগড় উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল নিহত

সড়ক দুর্ঘটনায় রামগড় উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল নিহত

ইব্রাহিম খলিল

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারান বিএনপির প্রবীণ এই নেতা, স্ত্রী আহত

মো. মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) : চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল (৫০)। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ডিসি পার্ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্ত্রীও গাড়িতে ছিলেন; তবে তিনি সামান্য আহত হয়েছেন।

রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া জানান, চট্টগ্রামে চিকিৎসা সংক্রান্ত কাজে গিয়েছিলেন ইব্রাহিম খলিল। ডাক্তার দেখানোর সিরিয়াল পেছালে তিনি স্ত্রীকে নিয়ে প্রাইভেট কারযোগে ডিসি পার্কে ঘুরতে যান। পার্কের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়রা আহত অবস্থায় ইব্রাহিম খলিলকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার (৭ মে) দুপুর ২টায় রামগড় কেন্দ্রীয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।