বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসে লাশ হয়ে ফিরতে হচ্ছে ২৪ বছর বয়সী যুবক হাসান রাজুকে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রৌফাবাদ বাঁশবাড়িয়া বিহারি কলোনি সংলগ্ন শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় রেশমি আক্তার (১২) নামে এক শিশু বাম চোখে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
নিহত হাসান রাজু চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা। পেশায় দিনমজুর রাজু মাত্র দুই দিন আগে বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে তিনি বাসার সামনে অবস্থান করছিলেন। এমন সময় হঠাৎ পাঁচ-ছয়জন মাস্কধারী যুবক এসে রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতকরা।
এ সময় পাশেই থাকা শিশু রেশমি আক্তারও ঘাতকদের বুলেটের হাত থেকে রেহাই পায়নি। একটি গুলি তার বাম চোখে বিদ্ধ হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, শিশুটি বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে এই ঘটনার শিকার হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর রৌফাবাদ এলাকায় গিয়ে দেখা যায়, বাসার সামনে ছোপ ছোপ রক্তের দাগ এবং উৎসুক মানুষের ভিড়। নিহতের বোন রুমা আক্তার আহাজারি করতে করতে বলেন, “ভাইটা কয়েক দিনের জন্য বেড়াতে এসেছিল। কারো সাথে ওর কোনো বিরোধ ছিল না। কেন তাকে এভাবে মরতে হলো?”
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, “হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে আমরা কাজ করছি। ঘটনার নেপথ্যে কী ছিল এবং কারা জড়িত তা দ্রুত খুঁজে বের করা হবে।”
ভিজিট করুন www.businesstoday24.com










