বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নিরূপণ এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধির ৪ দফা দাবিতে চট্টগ্রামে সমাবেশ ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব ও বিশিষ্ট নারীনেত্রী সুপ্রীতি বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্য রেশমা আক্তার, ওনুফা আক্তার এবং উম্মে হাবিবা শ্রাবণীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী। তারা ঘরে এবং কর্মক্ষেত্রে সমানতালে ভূমিকা রেখে চললেও রাষ্ট্রীয় বাজেটে সেই অবদানের সঠিক মূল্যায়ন হয় না। গৃহ ব্যবস্থাপনার প্রায় ৮০ শতাংশ কাজ পরিবারের নারী সদস্যরা করলেও সমাজে এটি এখনো স্বীকৃতিহীন। ২০২১ সালের একটি পরিসংখ্যান তুলে ধরে বক্তারা জানান, বাংলাদেশে নারীর অবৈতনিক গৃহস্থালি ও পরিচর্যা কাজের আর্থিক মূল্য ছিল প্রায় ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮.৯ শতাংশ। ঘরে-বাইরে নারীর সব কাজকে হিসাবের আওতায় আনা হলে জিডিপিতে নারী ও পুরুষের অবদান সমান হবে। বাজেট কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, এর মাধ্যমে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, পরিবার পরিচালনা ও সন্তান প্রতিপালনের চাপের কারণে নারীরা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। এই অবস্থা থেকে উত্তরণ এবং উৎপাদন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে রাষ্ট্রকে পরিপূরক ভূমিকা পালন করতে হবে। সন্তানকে নিরাপদে রেখে নারীরা যাতে কাজে যেতে পারেন, সেজন্য পর্যাপ্ত ডে-কেয়ার সেন্টার ও বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি নিরাপদ গণপরিবহন, আবাসন সংকটের সমাধানে কর্মজীবী নারী হোস্টেল এবং স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নিশ্চিত করা জরুরি। সম্প্রতি হামের কারণে শিশু মৃত্যুর ঘটনা হাসপাতালে মাতৃসদন বা মা ও শিশু হাসপাতালের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।
বক্তারা জোর দিয়ে বলেন, অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে দেশের প্রকৃত সমৃদ্ধি অসম্ভব। নারীর সম-অধিকার নিশ্চিত করতে এবং তাদের অগ্রযাত্রার সব প্রতিবন্ধকতা দূর করতে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং আসন্ন বাজেটে এর জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অর্থমন্ত্রী বরাবর ৪ দফা দাবি সংবলিত স্মারকলিপিটি হস্তান্তর করেন।