Home আন্তর্জাতিক স্বপ্নের ‘চিরস্থায়ী সমুদ্রভ্রমণ’ থমকে গেল সিঙ্গাপুরে

স্বপ্নের ‘চিরস্থায়ী সমুদ্রভ্রমণ’ থমকে গেল সিঙ্গাপুরে

বকেয়া পাওনায় আটক বিলাসবহুল প্রমোদতরী ‘ভিলা ভি ওডিসি’

শিপিং ডেস্ক: 

আজীবন সমুদ্রে ভেসে বিশ্বভ্রমণের যে রঙিন স্বপ্ন দেখিয়ে যাত্রা শুরু করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রুজ অপারেটর ‘ভিলা ভি রেসিডেন্সেস’ (Villa Vie Residences), তীব্র আর্থিক সংকট ও আইনি জটিলতায় পড়ে সেই যাত্রা অবশেষে থমকে গেছে সিঙ্গাপুরের জলসীমায়। বকেয়া পাওনা ও মেরিটাইম দাবির (Maritime claim) পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ২০০ মিটার দীর্ঘ বিলাসবহুল প্রমোদতরী ‘এমভি ভিলা ভি ওডিসি’ (MV Villa Vie Odyssey) আটক করেছে সিঙ্গাপুর বন্দর ও নৌপরিবহন কর্তৃপক্ষ (MPA)।

গত ৮ নভেম্বর (রোববার) সকালে জাহাজটি সিঙ্গাপুরের পূর্ব উপকূলে চাঙ্গি জেনারেল পারপাস অ্যাঙ্কোরেজে (Changi General Purpose Anchorage) পৌঁছানোর পরপরই আদালতের পরোয়ানায় সেটিকে আটক বা ‘অ্যারেস্ট’ করা হয়। এশীয় মেরিটাইম ও বৈশ্বিক ক্রুজ পর্যটন খাতে এই ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

কীভাবে শুরু হলো এই সংকট?

ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ভিলা ভি রেসিডেন্সেস তাদের ‘ফরেভার ক্রুজ’ (Forever Cruise) বা ‘ক্রুজ ফর লাইফ’ প্রকল্পের আওতায় যাত্রীদের জাহাজের কেবিন স্থায়ীভাবে কেনা বা দীর্ঘমেয়াদে ভাড়া নেওয়ার সুযোগ দিয়েছিল। বহু অবসরপ্রাপ্ত ও ভ্রমণপিপাসু মানুষ সমুদ্রে স্থায়ী আবাসের আশায় লাখ লাখ ডলার বিনিয়োগ করে এই জাহাজে উঠেছিলেন। কিন্তু যাত্রা শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটি তীব্র নগদ অর্থের সংকটে ভুগছিল। সর্বশেষ গত ২৭ অক্টোবর কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে অবস্থানকালে অপারেটর কর্তৃপক্ষ আকস্মিকভাবে যাত্রা স্থগিত ঘোষণা করে এবং যাত্রীদের জাহাজ থেকে নেমে যেতে বাধ্য করে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, মধ্যপ্রাচ্যে ইরান-সংশ্লিষ্ট সংঘাতের জেরে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তাদের পক্ষে জাহাজ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।

যাত্রীদের পকেট থেকে জ্বালানির বিল ও পাওনাদারদের চাপ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, কম্বোডিয়ায় আটকা পড়ার আগেই জাহাজটির আর্থিক অবস্থা ভেঙে পড়েছিল। ক্রুদের বেতন, খাবার সরবরাহ এবং জ্বালানি তেলের বিল বকেয়া পড়ে যায়। এমনকি যাত্রা সচল রাখতে এক পর্যায়ে জাহাজের একজন যাত্রী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে প্রায় ৪ লাখ ডলার পরিশোধ করেছিলেন। পরবর্তী সময়ে একদল আবাসিক যাত্রী নিজেরাই জাহাজটি কিনে নিয়ে যাত্রা অব্যাহত রাখার চেষ্টা করলেও ঋণদাতা প্রতিষ্ঠানের অসম্মতিতে সেই উদ্যোগ ভেস্তে যায়।

কম্বোডিয়ায় যাত্রীদের নামিয়ে দেওয়ার প্রায় দুই সপ্তাহ পর জাহাজটি সিঙ্গাপুরে পৌঁছালে পাওনাদারদের আবেদনের প্রেক্ষিতে সিঙ্গাপুরের আদালত এটি আটকের নির্দেশ দেন। আদালতের নথিতে আটককারী আইনি প্রতিষ্ঠান হিসেবে ‘হেলমসম্যান এলএলসি’  -এর নাম উল্লেখ থাকলেও কোন পাওনাদারের আবেদনে বা ঠিক কত টাকার দাবিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ ডলারের বকেয়া বিলের কথা উল্লেখ করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি ও আইনি প্রক্রিয়া

সিঙ্গাপুর মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি  এক বিবৃতিতে জানিয়েছে, আদালতের আদেশে জাহাজটি আটক করা হয়েছে এবং বর্তমানে জাহাজে কোনো যাত্রী নেই। জাহাজে থাকা ক্রু বা নাবিকেরা সুস্থ আছেন এবং জাহাজটির পাওনাদার বা ঋণদাতা প্রতিষ্ঠানগুলোই এখন তাদের দেখভাল ও কল্যাণের বিষয়টি পরিচালনা করছে।

ভিলা ভি রেসিডেন্সেসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান মিকায়েল পেটারসন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, জাহাজটির পরিচালনার নিয়ন্ত্রণ এখন পাওনাদারদের হাতে চলে গেছে এবং তারা যুক্তরাষ্ট্রে দেউলিয়া সুরক্ষার  আবেদন করার পরিকল্পনা করছেন।

সিঙ্গাপুরের মেরিটাইম আইন অনুযায়ী, ‘শিপ অ্যারেস্ট’ কোনো ফৌজদারি অপরাধের সাজা নয়, বরং বকেয়া পাওনা আদায়ের নিরাপত্তা নিশ্চিত করার একটি দেওয়ানি আইনি প্রক্রিয়া। যতক্ষণ না মালিকপক্ষ ব্যাংক গ্যারান্টি বা নগদ অর্থ জমা দিয়ে পাওনা নিষ্পত্তি করছে, ততক্ষণ জাহাজটি বন্দর ছাড়তে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যে এই আর্থিক জটিলতার সমাধান না হলে আদালত নিলামের মাধ্যমে জাহাজটি বিক্রি করে পাওনাদার ও ক্ষতিগ্রস্ত যাত্রীদের দাবি মেটানোর নির্দেশ দিতে পারেন।

নিয়মিত আপডেট পেতে www.businesstoday24.com ভিজিট করুন, পেজটি ফলো করুন এবং আপনার মতামত জানিয়ে মন্তব্য করুন।