ইসি’র এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী উচ্চ আদালতে (হাইকোর্ট) রিট করার সুযোগ পাবেন।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বড় ধরনের ধাক্কা খেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঋণখেলাপির দায়ে দলটির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই সিদ্ধান্ত প্রদান করে।
গত ৪ জানুয়ারি প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন।
জামায়াত প্রার্থীর করা সেই আপিল আবেদনে সরোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। কমিশন উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় জামায়াত প্রার্থীর আপিল মঞ্জুর করে এবং বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের রায় দেয়।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার পথ আপাতত বন্ধ হয়ে গেল। তবে নিয়ম অনুযায়ী, ইসি’র এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী উচ্চ আদালতে (হাইকোর্ট) রিট করার সুযোগ পাবেন।
চট্টগ্রাম-২ আসনে এই নাটকীয় মোড় নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে নির্বাচনী মাঠে একে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দলের (বিএনপি ও জামায়াত) প্রার্থীর মধ্যে এই আইনি লড়াইয়ের বিষয়টি স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে।