বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় আজ বুধবার (৬ আগস্ট) ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সকাল ৫টা ৪০ মিনিটে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে।
নিহতরা হলেন ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তাঁরা সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী গ্রামের বাসিন্দা।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে ওমানফেরত এক প্রবাসীর পরিবারের সদস্যরা ছিলেন। তাঁরা ঢাকা বিমানবন্দর থেকে ফিরছিলেন লক্ষ্মীপুরের উদ্দেশে। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
তিনি আরও জানান, মাইক্রোবাসটিতে চালকসহ ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে চালকসহ চারজন দুর্ঘটনার পর নিজে থেকেই বের হয়ে আসতে সক্ষম হন, কিন্তু পেছনের সিটে থাকা সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোজাম্মেল হকের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে সকাল ৬টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রাও ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে সহায়তা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, হাসপাতালে দুটি মরদেহ আনা হয়েছে। বাকি মরদেহগুলোও আসার পথে রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁরা সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের অন্ধকারে প্রথমে কিছু বুঝে ওঠা সম্ভব হয়নি। পরে আলো দেখে খালে ছুটে গিয়ে তাঁরা মরদেহ উদ্ধারে অংশ নেন।
এই দুর্ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া নামিয়ে এনেছে। একই পরিবারের সাতজন সদস্যের এমন করুণ মৃত্যু স্থানীয়দের স্তব্ধ করে দিয়েছে।










