Home বিনোদন ৬০ বছরেও নিঃসঙ্গ ভাইজান? রহস্যময় পোস্টে তুঙ্গে জল্পনা

৬০ বছরেও নিঃসঙ্গ ভাইজান? রহস্যময় পোস্টে তুঙ্গে জল্পনা

সালমান খান
বিনোদন ডেস্ক: ‘বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর….’— জিৎ-কোয়েল জুটির ‘সাত পাকে বাঁধা’ ছবির এই কালজয়ী গানের লাইন দুটি যেন এই মুহূর্তে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খানের জীবনের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বয়স ষাটের কোঠায়, অথচ আজও তিনি ‘সিঙ্গল’। তাহলে কি বয়স বাড়ার সাথে সাথে একাকীত্ব গ্রাস করছে পর্দার ‘দাবাং’ খানকে? সম্প্রতি সোশাল মিডিয়ায় অভিনেতার একটি পোস্ট কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে।
সোশাল মিডিয়ায় সলমনের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে— আলো-আঁধারির এক মায়াবী পরিবেশ, উন্মুক্ত শরীরে স্পষ্ট সিক্স প্যাক অ্যাবস। চোখ দুটি বন্ধ, আর দু’হাত মাথার ওপরে। নিভৃতে-নির্জনে বসে যেন জীবনের অনেক না-মেলা হিসেবনিকেশ কষছেন বলিউডের ভাইজান। অভিনেতার এমন চেনা ছন্দের বাইরের ছবি দেখে স্বভাবতই ধন্দে পড়েছেন তাঁর কোটি কোটি ভক্ত।
পোস্টে কীসের ইঙ্গিত দিলেন সালমান?
শুধু ছবিই নয়, ছবির ক্যাপশনে একা থাকা এবং একাকীত্বের এক গভীর মনস্তাত্ত্বিক পার্থক্য তুলে ধরেছেন সলমন। তিনি লিখেছেন, ‘জীবন কাটানোর দুটি উপায় রয়েছে। একটি হলো ‘অ্যালোন’ অর্থাৎ নিজের ইচ্ছায় একা থাকা। আর অপরটি হলো ‘লোনলি’, যার সহজ বাংলা তর্জমা করলে দাঁড়ায় একাকীত্ব— যার অর্থ কেউ তোমার সঙ্গে থাকতে চায় না। এখন নিজেকেই ঠিক করতে হবে তুমি কোন পথ অবলম্বন করে বাঁচবে।’
৬০ বছর বয়সে এসেও সলমনের এই দুর্দান্ত ফিটনেস দেখে যেমন নেটপাড়া মুগ্ধ, ঠিক তেমনই তাঁর এই রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন ভাইজানের অনুগামীরা। স্বইচ্ছায় একা থাকা নাকি একাকীত্বের যন্ত্রণা— সালমান আসলে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিনোদন দুনিয়ায়।

 আপডেট পেতে businesstoday24.com-এর সাথেই থাকুন, ফলো করুন