Home বিনোদন ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আবেগঘন পোস্ট সেলিনার

৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আবেগঘন পোস্ট সেলিনার

সেলিনা জেটলি

স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা 

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনে বড়সড় ঝড়ের মুখে বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মুম্বইয়ের আন্ধেরি আদালতে মামলা দায়েরের পাশাপাশি স্বামীর কাছে প্রায় ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেত্রী।

মামলা দায়েরের পরই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক পোস্টে নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরেছেন সেলিনা। জীবনের এই কঠিন সময়কে তিনি ‘অস্থির ঝড়ের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন। অভিনেত্রী লিখেছেন, ‘‘আমি কখনও কল্পনা করিনি যে আমি একা লড়াই করব। বাবা-মা ছাড়া, কোনও সাহায্য ছাড়াই এই লড়াই। কখনও ভাবিনি এমন একটা দিন আসবে, যখন আমার মাথার ওপর থেকে ছাদ চলে যাবে।’’

স্বামীর প্রতি অভিযোগ ও আক্ষেপের সুর স্পষ্ট তাঁর লেখায়। তিনি জানান, যিনি ভালোবাসার, যত্ন নেওয়ার এবং প্রতিটি কষ্ট সহ্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তাঁকে ছাড়াই জীবন যাপন করতে হচ্ছে। সেলিনা লেখেন, ‘‘জীবন সবকিছু কেড়ে নিয়েছে, আমি যাদের বিশ্বাস করেছিলাম তারা চলে গিয়েছে। আমি যেসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলাম সে সব ভেঙেছে।’’

তবে সব হারিয়েও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন অভিনেত্রী। তিনি জানান, ঝড় তাকে উড়িয়ে দিতে পারেনি, বরং কঠিন পরিস্থিতিতেও তিনি উঠে দাঁড়াতে শিখেছেন। হৃদয় ভাঙলেও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।

এই মুহূর্তে নিজের জীবনের অগ্রাধিকার বা ‘প্রায়োরিটি’র কথাও স্পষ্ট করেছেন সেলিনা। তিনি লেখেন, ‘‘এখন আমার অগ্রাধিকার সৈনিক ভাইয়ের জন্য লড়াই করা। আমার সন্তানদের ভালোবাসার জন্য লড়াই করা, আমার মর্যাদার জন্য লড়াই করা।’’

সবশেষে তিনি জানান, বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন, তাই এ নিয়ে তিনি এই মুহূর্তে বিস্তারিত কোনো মন্তব্য করতে পারছেন না। তবে দুঃসময়ে যারা ঢাল হয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।