সংবাদ সম্মেলনে হাব সভাপতি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সিন্ডিকেট ও সব ধরনের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা গেলে হজের মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। একই সাথে আগামী ২০২৭ সালের হজে বিমানের টিকিটের মূল্য কমে ১ লাখ টাকায় নামবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
আজ শনিবার (১৬ মে) সকালে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে চলতি বছরের হজ যাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাব সভাপতি এসব কথা বলেন।
সৈয়দ গোলাম সরওয়ার বলেন, “মধ্যস্বত্বভোগীদের রুখে দেওয়া গেলে হজের সার্বিক খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে। আগামী ২০২৭ সালের হজ যাত্রায় বিমানের টিকিটের মূল্য ১ লাখ টাকায় নামিয়ে আনার বিষয়েও আমরা আশাবাদী।”
সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার চলতি বছরের ব্যবস্থাপনা নিয়ে বলেন, “এ বছর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি ও তাঁবু নির্বাচনের কাজ করতে হয়েছে। নানামুখী তাড়া ও চাপ থাকলেও শেষ পর্যন্ত সফলভাবেই সব কার্যক্রম সম্পন্ন করা গেছে।” ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস ও হাবের যৌথ সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রথম এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯৩৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফিরতি ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে আগামী ৩০ জুন।
আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com।










