বলিউডে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যাটলি কুমার পরিচালিত বিগ বাজেট সিনেমা ‘রাকা’। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এই সিনেমায় দীপিকা পাড়ুকোনের স্ক্রিনটাইম কমিয়ে দেওয়া হচ্ছে।
আল্লু অর্জুনের বিপরীতে দীপিকাকে দেখার জন্য যারা মুখিয়ে আছেন, তাদের জন্য স্বস্তির খবর হলো—সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান এই তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
সিনেমার টিম নিশ্চিত করেছে যে সবকিছু আগে থেকে ঠিক করা পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে। দীপিকা এই সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন এবং তার স্ক্রিনটাইম কমানোর কোনো প্রশ্নই আসে না।
জানা গেছে, গর্ভাবস্থার মধ্যেও এই অভিনেত্রী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সিনেমাটির জটিল সব অ্যাকশন দৃশ্যে শুটিং করছেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযোজনা প্রতিষ্ঠান ও পুরো টিম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
সান পিকচার্স প্রযোজিত ‘রাকা’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে তার লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ২০২৭ সালে বড় পর্দায় সিনেমাটি মুক্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে।
দীপিকাকে নিয়ে এমন নেতিবাচক গুঞ্জন ওঠার পেছনে তার পূর্ববর্তী সিনেমা ‘স্পিরিট’ থেকে বাদ পড়ার বিষয়টি কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সেই সিনেমা থেকে দীপিকা সরে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন ‘রাকা’ সিনেমাতেও হয়তো একই পরিস্থিতি তৈরি হবে।
তবে গর্ভাবস্থা ও শুটিং একসঙ্গে সামলে দীপিকা আবারও প্রমাণ করলেন যে তিনি একজন আপসহীন অভিনেত্রী। চলতি বছর তাকে শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমাতেও দেখা যাবে।