বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠককে ‘সফল’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দাবি করেছেন, এই বৈঠকের মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের নির্বাচনী প্রত্যাশা পূরণ হয়েছে।
সোমবার (১৬ জুন) যুক্তরাজ্য সফর শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বৈঠক অত্যন্ত সফল হয়েছে। রোজার আগেই জনগণ চেয়েছিল একটি নির্দিষ্ট নির্বাচনী পরিকল্পনা—তা বাস্তবায়নের পথ তৈরি হয়েছে। জাতি প্রায় ২০ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই দ্রুত নির্বাচনের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।”
নির্বাচন নিয়ে আলোচনায় রাজনৈতিক ঐকমত্যই সবচেয়ে জরুরি ছিল উল্লেখ করে তিনি বলেন, “আমরা সেই ঐকমত্যের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। বিচার ও সংস্কারের জন্য সময় রয়েছে, তবে এসব কাজের ভিত্তি এখনই স্থাপিত হচ্ছে।”
নির্বাচনের সম্ভাব্য সময়কাল প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “ফেব্রুয়ারি পর্যন্ত সময় দীর্ঘ হলেও প্রক্রিয়াটি চলমান। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সংস্কার প্রক্রিয়ার একটি রূপরেখা স্পষ্ট হয়ে উঠবে। এরপর নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করলেই জাতি নির্বাচনমুখী পরিবেশে প্রবেশ করবে।”
তারেক রহমান ও ড. ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “বৈঠকটি অত্যন্ত আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। এই ধরনের রাজনৈতিক কালচার আমাদের দেশে গড়ে তোলা প্রয়োজন। রাজনীতি মানেই পরস্পরের সঙ্গে যোগাযোগ ও আলোচনার জায়গা তৈরি করা।”










