বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুর মাছঘাটে দুই কেজি ওজনের একটি ইলিশ ৯ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৩ আগস্ট) ঘাটের নিলামে ওঠা এই বড় ইলিশটি স্থানীয় ব্যবসায়ী সম্রাট বেপারী কিনে নেন। পরে রোববার মাছটি ঢাকায় পাঠানো হয় বলে তিনি জানান।
ভরা মৌসুমেও একটি ইলিশ এত চড়া দামে বিক্রি হওয়ায় ঘাটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, মে মাসে ইলিশের দাম এখনকার তুলনায় অনেক কম ছিল। তবে আকারে বড় ইলিশের চাহিদা সবসময়ই আলাদা, দামও বেশি হয়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, নিলামে তোলা মাত্রই মাছটির দিকে সবার দৃষ্টি যায়। ধীরে ধীরে দর বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত ৯ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়। এতে প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ৪ হাজার ৭৭৫ টাকা, যা মৌসুমের গড়দামের তুলনায় প্রায় দ্বিগুণ।
সম্রাট বেপারী বলেন, “লক্ষ্মীপুরের মেঘনার বাড়তির খাল এলাকা থেকে গোফরান বেপারী মাছটি ঘাটে পাঠিয়েছিলেন। এত বড় ইলিশ সচরাচর আসে না। তাই দাম বেশি উঠেছে।”
মাছ কিনতে আসা ক্রেতারা বলছেন, এত দামে সাধারণ মানুষের পক্ষে বড় ইলিশ কেনা সম্ভব নয়। তবে ধনী ক্রেতারা স্বাদ ও আকারের কারণে উচ্চমূল্য দিয়ে কিনে থাকেন। তাদের দাবি, বড় ইলিশের স্বাদ ও তৃপ্তি ছোট মাছের সঙ্গে তুলনাহীন।
চাঁদপুর অঞ্চলের ইলিশ বহুদিন ধরেই দেশজুড়ে বিখ্যাত। তবে সাম্প্রতিক বছরগুলোতে বড় আকারের ইলিশ কম আসছে। ফলে বাজারে যখন বড় মাছ আসে, তখন দর হু-হু করে বেড়ে যায়। ভরা মৌসুমে সাধারণত চাঁদপুরে প্রতি কেজি ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও বড় মাছ হলে দাম কয়েক গুণ বেড়ে যায়।










