আনছে এক অন্যরকম আবেগিক যাত্রা!
চট্টগ্রাম: সময় এখন শিল্পের নতুন দিগন্ত উন্মোচনের। আর সেই পথেই এগিয়ে এসে সময়ের প্রতিশ্রুতিশীল লেখক ও কবি শামছুল আরেফিন শাকিলের অমিত প্রেম ও গভীর মানবিক অনুভূতির অণুকাব্যে ভর করে চট্টগ্রামে নির্মিত হয়েছে এক মনকাড়া কবিতাচিত্র সিরিজ – ‘ভালো থেকো ছায়া’। প্রেম, বিচ্ছেদ আর স্মৃতির আলো-ছায়ায় বোনা এই অনন্য সিরিজের প্রথম পর্বের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ আগ্রহ তৈরি করেছে।
‘ভালো থেকো ছায়া’ শুধুমাত্র একটি চিত্র নয়, এটি আসলে হৃদয়ের গহীনে এক মর্মস্পর্শী আবেগের যাত্রা, যেখানে স্মৃতি আর বর্তমান এক সূতোয় গাঁথা হয়ে ধরা দিয়েছে পর্দায়। শামছুল আরেফিন শাকিল তার কাব্যভাষায় প্রেমের যে গভীর ব্যথা ও সৌন্দর্য প্রকাশ করেছেন, পরিচালক ও অভিনয়শিল্পীরা সেটিকে দৃশ্যের ভাষায় রূপ দিয়েছেন অভাবনীয় সংবেদনশীলতার সঙ্গে।
নেপথ্যের কারিগর ও কুশীলব:
এই কাব্যিক উপস্থাপনায় কণ্ঠ দিয়েছেন বাচিক শিল্পী বাপ্পী হায়দার। তার মায়াবী কণ্ঠস্বর এবং সংবেদনশীল উপস্থাপনা প্রতিটি কবিতাকে যেন জীবন্ত করে তুলেছে, দর্শককে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এক অন্য জগতে। ভিডিও নির্দেশনায় ছিলেন মোশারফ ভূঁইয়া পলাশ, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার গভীর আবেগকে নিপুণভাবে দৃশ্যের ভাষায় রূপ দিতে সচেষ্ট ছিলেন।
ক্যামেরার সামনে যাদের দেখা যাবে, তারা হলেন- বাপ্পি হায়দার, মোশারফ ভূঁইয়া পলাশ, সায়মন রক, পুজা দাশ ও মৈত্রী চৌধুরী। মেকাপে ছিলেন বীনা দাশ গুপ্ত, যিনি চরিত্রগুলোর মানসিক অবস্থা এবং অনুভুতিকে রূপ ও রঙের সুষমায় নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন।
প্রযোজনা ও সাংস্কৃতিক সংযোজন:
পুরো সিরিজটি নির্মাণ করেছে ‘অনল মিডিয়া ভিশন’, যাদের পাশে ছিল ‘বীজন নাট্য গোষ্ঠী’র সহযোগিতা। এই চমৎকার প্রযোজনা ও পরিবেশনার দায়িত্বে রয়েছে ‘কানাডা বাংলা চ্যানেল (সিবিসি)’, যারা বাংলা সংস্কৃতির বিকাশে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এই প্রযোজনাটি বাংলা ভাষার কবিতাভিত্তিক ভিডিও ধারার এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বাংলা কবিতাকে চিত্র, কণ্ঠ ও অভিনয়ের এক সম্মিলিত মিশেলে উপস্থাপনের এই প্রচেষ্টা নিঃসন্দেহে বাংলা সংস্কৃতিচর্চায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল সংযোজন।
‘ভালো থেকো ছায়া’ খুব শিগগিরই কানাডা বাংলা চ্যানেলে (সিবিসি) সম্প্রচারিত হবে। প্রেম, সময় ও স্মৃতির এক দারুণ মেলবন্ধনে গড়া এই কবিতাচিত্র নিঃসন্দেহে দর্শকের মনে এক গভীর ও দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে বলে আশা করা হচ্ছে।— সংবাদ বিজ্ঞপ্তি









