বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী শহরের ডাবতলা এলাকায় এক বিচারকের বাসায় ঢুকে তাঁর ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এই নৃশংস হামলার শিকার হন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮)। একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বিকেল চারটার দিকে হঠাৎ করে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বিচারক আব্দুর রহমানের সরকারি কোয়ার্টারে প্রবেশ করে। কিছুক্ষণ পর বাসা থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দেখতে পান, সুমন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং তাঁর মা তাসমিন নাহার গুরুতর জখম হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাটি পূর্বপরিকল্পিত হতে পারে, তবে হত্যার উদ্দেশ্য ও কারণ এখনও স্পষ্ট নয়।
ঘটনার পর আদালতপাড়া এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বিচারক ও আইনজীবীদের সংগঠন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছে। এ ঘটনায় রাজশাহী কোতোয়ালি থানায় মামলা প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তারা বলেছে, তদন্ত শেষ হলে হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় জানা যাবে।










