Home First Lead আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’: নিহত ১৩৩

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’: নিহত ১৩৩

 প্রাণ হারিয়েছেন তালেবান প্রধান হিবাতুল্লাহ?

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে অতর্কিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের দাবি, ‘অপারেশন গজব-লিল হক’ নামক এই অভিযানে অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে। এদিকে, আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ‘ওসিন্ট’ (OSINT) দাবি করেছে, এই হামলায় তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে যখন হামলা শুরু হয়, কাবুলের বাসিন্দারা শুরুতে সেটিকে ভূমিকম্প ভেবে ভুল করেছিলেন। কাবুলের দাশতি বারচি এলাকার এক বাসিন্দা জানান, “প্রচণ্ড বিস্ফোরণে ঘরবাড়ি কেঁপে উঠলে আমরা ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। কিন্তু পরপরই বিকট শব্দে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে।”
বিস্ফোরণের পরপরই আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। স্থানীয়রা জানান, হামলার পর কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। নিরাপত্তার খাতিরে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমার পরিবার প্রচণ্ড ভয় পেয়েছিল, আমরা সারা রাত আর ঘুমাতে পারিনি।”
ইউরোপভিত্তিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের তথ্যমতে, কাবুলের সদরদপ্তর লক্ষ্য করে চালানো এই সুনির্দিষ্ট হামলায় তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদাসহ বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন।
তবে তালেবান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মৃত্যুর খবরের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে, আফগান কর্তৃপক্ষ পাকিস্তানের এই ক্ষয়ক্ষতির দাবি অস্বীকার করেছে।
আফগানিস্তানের পাল্টা দাবি
আফগানিস্তান এই হামলার কথা নিশ্চিত করলেও তাদের কোনো যোদ্ধা নিহতের খবর প্রত্যাখ্যান করেছে। উল্টো তালেবান সরকারের দাবি, আফগান বাহিনীর পাল্টা হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চললেও, বর্তমান এই সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে। হিবাতুল্লাহ আখুন্দজাদার মৃত্যুর খবরটি সত্য হলে এটি শুধু আফগানিস্তান নয়, বরং পুরো অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

সবশেষ খবরের আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।