Home আন্তর্জাতিক ইসরায়েল-ইরান হামলা: মিলে গেল এআই ‘গ্রক’- এর ভবিষ্যৎবানী

ইসরায়েল-ইরান হামলা: মিলে গেল এআই ‘গ্রক’- এর ভবিষ্যৎবানী

আন্তর্জাতিক ডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্ল্যাটফর্ম ‘গ্রক’ (Grok) সম্প্রতি এক অভাবনীয় কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও আমেরিকার যৌথ বিমান হামলার সঠিক তারিখ আগেভাগেই অনুমান করে সবাইকে চমকে দিয়েছে এই এআই।
জেরুজালেম পোস্ট গত মাসের ২৫ তারিখে একটি বিশেষ পরীক্ষা চালায়। সেখানে বিশ্বের নামী সব এআই প্ল্যাটফর্মকে একটি কাল্পনিক সংঘাতের পরিস্থিতির ওপর ভিত্তি করে সম্ভাব্য হামলার তারিখ বলার অনুরোধ করা হয়। চ্যাটজিপিটি, জেমিনি এবং ক্লডের মতো বড় বড় প্রতিপক্ষকে পেছনে ফেলে একমাত্র মাস্কের স্টার্টআপ ‘এক্সএআই’ (xAI)-এর তৈরি ‘গ্রক’ নির্দিষ্টভাবে ‘২৮ ফেব্রুয়ারি’ তারিখটি চিহ্নিত করতে সক্ষম হয়।
অন্যান্য এআই মডেলগুলোর মধ্যে ওপেনএআই-এর চ্যাটজিপিটি প্রথমে ১ মার্চের কথা বললেও পরে তা বদলে ৩ মার্চ বা ৬ মার্চের সম্ভাবনার কথা জানায়। অন্যদিকে গুগলের জেমিনি কূটনৈতিক ও সামরিক পরিস্থিতি বিশ্লেষণ করে ৪ থেকে ৬ মার্চের মধ্যে রাতের বেলা হামলা হতে পারে বলে পূর্বাভাস দেয়।
অ্যানথ্রোপিকের ক্লড প্রথমে কোনো তারিখ দিতে অস্বীকার করলেও পরে ৭ ও ৮ মার্চকে উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে উল্লেখ করে।
বিপরীতে গ্রক দুবারই তার পর্যবেক্ষণে ২৮ ফেব্রুয়ারি তারিখটিকে সামনে আনে। জেনেভা আলোচনার ফলাফলকে প্রধান নিয়ামক হিসেবে উল্লেখ করে এই তারিখটি প্রদান করে গ্রক। বাস্তবেও গত মাসের ২৮ তারিখ ভোরের দিকেই হামলা শুরু হয়, যা গ্রকের অনুমানকে একদম নির্ভুল প্রমাণ করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষ করে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের সাথে গ্রক যুক্ত থাকায় এটি রিয়েল-টাইম তথ্য বিশ্লেষণে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, একটি সঠিক অনুমান মানেই এই নয় যে এআই-এর বিচারবুদ্ধি সবসময় নির্ভুল। উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদ প্রবাহ থেকে সম্ভাব্য সবচেয়ে গ্রহণযোগ্য তারিখটি হয়তো ঘটনাক্রমে মিলে গেছে।

আমাদের কন্টেন্টটি ভালো লাগলে businesstoday24.com এভাবে ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।