Home চট্টগ্রাম গ্রাফিতি নিয়ে উত্তেজনা: জিইসি থেকে দেওয়ানহাট সভা-সমাবেশ নিষিদ্ধ

গ্রাফিতি নিয়ে উত্তেজনা: জিইসি থেকে দেওয়ানহাট সভা-সমাবেশ নিষিদ্ধ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (১৮ মে) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
সিএমপির সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পটভূমি ও উত্তেজনা
মূলত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে রোববার (১৭ মে) সন্ধ্যায় নগরের টাইগার পাস এলাকায় চসিক কার্যালয়ের প্রবেশমুখের সামনে ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা।
এনসিপি নেতা-কর্মীদের অভিযোগ, শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, টাইগারপাস থেকে লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের পিলারের গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা চসিকের পক্ষ থেকে দেওয়া হয়নি।
এই গ্রাফিতি বিতর্ককে কেন্দ্র করে রোববার রাতে বিএনপি ও এনসিপি’র নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিএমপির পক্ষ থেকে এই জরুরি নিষেধাজ্ঞা জারি করা হলো।