Home আন্তর্জাতিক অতিরিক্ত সক্ষমতা: গ্লোবাল শিপিং মার্কেটে অশনি সংকেত

অতিরিক্ত সক্ষমতা: গ্লোবাল শিপিং মার্কেটে অশনি সংকেত

শিপিং ডেস্ক: কনটেইনার জাহাজের অর্ডারবুক রেকর্ড ১৩ মিলিয়ন TEU (Twenty-foot Equivalent Unit) স্পর্শ করেছে। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম ‘স্প্ল্যাশ ২৪৭’-এর বরাত দিয়ে পরামর্শক প্রতিষ্ঠান লাইনারলিটিকা সতর্ক করেছে যে, বাজার দখল করার প্রতিযোগিতায় ক্যারিয়ারগুলোর এই অতিরিক্ত জাহাজ তৈরির হিড়িক ভবিষ্যতে বাজারে ধারণক্ষমতার উদ্বৃত্ত বা ‘ওভারক্যাপাসিটি’ তৈরি করতে পারে।

নতুন জাহাজের যে পরিমাণ অর্ডার রয়েছে, তা বিশ্বের শীর্ষ তিন জায়ান্ট মেয়ার্স্ক (Maersk), সিএমএ সিজিএম (CMA CGM) এবং কসকো (Cosco)-এর সম্মিলিত নৌবহরের চেয়েও বেশি। বর্তমানে অর্ডারবুক রেশিও দাঁড়িয়েছে ৩৮.৩ শতাংশে, যা বিগত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০০৮ সালের বিশ্বমন্দার সময় এমন পরিস্থিতি দেখা গিয়েছিল।

২০২৬ সালের প্রথম চার মাসেই নতুন জাহাজ অর্ডারের পরিমাণ ১.৯ মিলিয়ন TEU অতিক্রম করেছে। লাইনারলিটিকা ধারণা করছে, অর্ডারের এই গতি অব্যাহত থাকলে তা ২০২৫ সালের রেকর্ড ৫.১ মিলিয়ন TEU-কে ছাড়িয়ে যাবে। এসব জাহাজের বড় একটি অংশ ২০২৮ সালে সরবরাহ করার কথা রয়েছে, যার পরিমাণ ইতোমধ্যে ৫.২ মিলিয়ন TEU-তে পৌঁছেছে।

লাইনারলিটিকা এই প্রবণতাকে ‘অসংযত’ বলে অভিহিত করেছে এবং ভবিষ্যদ্বাণী করেছে যে, এই অতিরিক্ত সক্ষমতা খুব শীঘ্রই বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে চাহিদা কমে যাওয়ার কারণে গত ৩০ এপ্রিল ড্রুরি ওয়ার্ল্ড কন্টেইনার ইনডেক্স টানা তৃতীয় সপ্তাহের মতো হ্রাস পেয়েছে। এশিয়া-ইউরোপ এবং ট্রান্সপ্যাসিফিক রুটে জাহাজের ভাড়া কমে যাওয়ায় ইনডেক্সটি এক শতাংশ কমে বর্তমানে প্রতি FEU (Forty-foot Equivalent Unit) ২,২১৬ মার্কিন ডলারে নেমে এসেছে।

ড্রুরি জানিয়েছে যে, জ্বালানির উচ্চমূল্য এবং ভূ-রাজনৈতিক ঝুঁকি সত্ত্বেও অতিরিক্ত সক্ষমতা এবং দুর্বল চাহিদার চাপে ভাড়ার নিম্নমুখী প্রবণতা ঠেকানো সম্ভব হচ্ছে না।

২০২৬ সালের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তা আত্মবিশ্বাস সূচক (Consumer Confidence Index) সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা ভবিষ্যতে আমদানির চাহিদা আরও কমার ইঙ্গিত দিচ্ছে।


businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের জানান।