Home Second Lead সাংহাই ও নিংবোতে ভয়াবহ জট: কাঁচামাল সংকট ও রপ্তানি বিলম্বের ঝুঁকি

সাংহাই ও নিংবোতে ভয়াবহ জট: কাঁচামাল সংকট ও রপ্তানি বিলম্বের ঝুঁকি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার চিনের সাংহাই ও নিংবো-ঝুশান বন্দরে দেখা দিয়েছে তীব্র কনটেইনার জট ও বার্থিং বিলম্ব। সাম্প্রতিক টাইফুনের প্রভাবে কয়েক দিন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকা এবং পরবর্তী সময়ে একসঙ্গে অসংখ্য জাহাজের আগমনের ফলে এই সংকটের সৃষ্টি হয়েছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে, যার মূল শিকার হতে পারে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প।
চট্টগ্রামে বিভিন্ন শিপিং কোম্পানির নির্বাহিরা জানান, সাংহাইয়ের বিভিন্ন টার্মিনালে বার্থিং পেতে জাহাজগুলোকে বর্তমানে ৫ থেকে ৯ দিন পর্যন্ত বহির্নোঙরে অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে নিংবো বন্দরে জাহাজ ভেড়ার বিলম্ব ৩ থেকে ৬ দিনে পৌঁছেছে এবং সেখানে ইয়ার্ড অকুপেন্সি বা ধারণক্ষমতা ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে শীর্ষ আন্তর্জাতিক শিপিং লাইনগুলো শিডিউল ঠিক রাখতে বহু জাহাজের এই দুই বন্দরে বার্থিং বাতিল করছে।
এই অচলাবস্থার সরাসরি ধাক্কা আসছে বাংলাদেশে। দেশের তৈরি পোশাক কারখানার প্রধান কাঁচামাল—ওভেন ও নিট কাপড়, সুতা, অ্যাকসেসরিজ, ডাইস এবং কেমিক্যালের সিংহভাগ আসে সাংহাই ও নিংবো বন্দর দিয়ে। ফিডার ও মাদার ভেসেলগুলো চিনের বহির্নোঙরে আটকে থাকায় চট্টগ্রামমুখী কাঁচামালের চালান পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে দেড় থেকে দুই সপ্তাহ পর্যন্ত বাড়তি সময় লাগছে। ফলে কারখানাগুলোতে উৎপাদন চক্র ব্যাহত হচ্ছে এবং অনেক কারখানায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা অনিশ্চিত হয়ে পড়েছে।
কাঁচামাল আমদানির এই অচলাবস্থা রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের বিপত্তি তৈরি করছে। বিদেশি ক্রেতাদের নির্ধারিত সময়সীমা বা লিড-টাইম মিস হওয়ার উপক্রম হলে অর্ডার বাতিল কিংবা জরিমানার মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ মুহূর্তে অনেক কারখানা মালিককে বিশাল লোকসান মেনে চড়া ভাড়ায় উড়োজাহাজে তৈরি পোশাক পাঠাতে হতে পারে বলে আশঙ্কা রপ্তানিকারকদের।
পাশাপাশি, হাজার হাজার কনটেইনার চিনের জলসীমায় আটকে থাকায় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে খালি কনটেইনারের আবর্তন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে বিদেশে রপ্তানি পণ্য পাঠানোর জন্য প্রয়োজনীয় খালি কনটেইনারের তীব্র কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। জাহাজগুলোর পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় শিপিং কোম্পানিগুলো ইতোমধ্যে কনজেশন সারচার্জ আরোপের আভাস দিচ্ছে, যার ফলে আমদানি-রপ্তানির সামগ্রিক পরিবহন খরচ এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে।