Home জাতীয় তামাকপণ্যে ১৫ শতাংশ ভ্যাট ও সুনির্দিষ্ট শুল্ক আরোপের সুপারিশ

তামাকপণ্যে ১৫ শতাংশ ভ্যাট ও সুনির্দিষ্ট শুল্ক আরোপের সুপারিশ

 বাজেটে যুগান্তকারী প্রস্তাব: ৪৪ হাজার কোটি টাকা বাড়তি রাজস্বের হাতছানি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তামাকপণ্যের মূল্যস্তর কমিয়ে সুনির্দিষ্ট কর পদ্ধতি চালুর দাবি জানিয়েছে গবেষণা সংস্থা প্রজ্ঞা ও তামাকবিরোধী গণমাধ্যম জোট আত্মা।
আজ সোমবারল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা জানান, প্রস্তাবিত এই কর কাঠামো বাস্তবায়ন করলে সরকার বর্তমানের চেয়ে প্রায় ৪৪ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করতে পারবে। এতে দীর্ঘমেয়াদে অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রস্তাবে সিগারেটের বিদ্যমান চারটি মূল্যস্তরকে কমিয়ে তিনটিতে নামিয়ে আনার সুপারিশ করা হয়। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি ১০ শলাকার দাম ১০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। এছাড়া উচ্চ স্তর ১৫০ টাকা এবং প্রিমিয়াম স্তরের জন্য ২০০ টাকা মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
বিআইআইএসএস-এর রিসার্চ ডিরেক্টর ড. মাহফুজ কবীর উল্লেখ করেন, দেশের অধিকাংশ ধূমপায়ী নিম্ন ও মধ্যম স্তরের ভোক্তা হওয়ায় এই দুই স্তর এক করলে তরুণ সমাজ ও দরিদ্র জনগোষ্ঠীকে ধূমপান থেকে দূরে রাখা সহজ হবে।
অর্থনীতিবিদ ড. রুমানা হক এবং সিপিডি-র আয়েশা সুহায়মা রব কর কাঠামো সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, সুনির্দিষ্ট কর পদ্ধতি চালু করলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাড়তি রাজস্ব বড় ভূমিকা রাখবে। প্রস্তাবে বিড়ি, জর্দা ও গুলের ওপরও উচ্চহারে সম্পূরক শুল্ক এবং ভ্যাট বহাল রাখার দাবি জানানো হয়।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ২ লক্ষ মানুষ প্রাণ হারায়। যেখানে তামাক খাত থেকে আয় হয় ৪১ হাজার কোটি টাকা, সেখানে তামাকের স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।
তামাকবিরোধীদের এই প্রস্তাব গৃহীত হলে প্রায় ৫ লক্ষ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উদ্বুদ্ধ হবে এবং ৩ লাখ ৭২ হাজার তরুণ নতুন করে ধূমপানে জড়াবে না। সংবাদ সম্মেলনে আত্মা ও প্রজ্ঞা’র নেতৃবৃন্দসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সবশেষে বলা যায়, তামাকের এই কর সংস্কার কেবল রাজস্ব বাড়ানোর মাধ্যম নয়, বরং একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম বিনিয়োগ।
ভিজিট করুন www.businesstoday24.com