বিজনেসটুডে২৪ প্রতিনিধি,সিলেট: বুধবার (২১ জানুয়ারি) রাতে আধ্যাত্মিক নগরী সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মাজার জিয়ারত ও পারিবারিক কর্মসূচিতে অংশ নিতেই মূলত তার এই সফর।
মাজার জিয়ারত ও ‘দুলাভাই’ স্লোগান
সিলেটে পৌঁছেই তারেক রহমান সরাসরি হযরত শাহজালাল (র.) মাজারে যান। সেখানে তিনি পবিত্র মাজার জিয়ারত করেন। এ সময় মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। উপস্থিত জনতা ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। নেতাকর্মীদের উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে তিনি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।
শাহজালাল (র.) মাজার থেকে বেরিয়ে তিনি হযরত শাহ পরান (র.) মাজারে যান এবং সেখানে জিয়ারত সম্পন্ন করেন।
পৈতৃক বাড়িতে পারিবারিক আয়োজন
মাজার জিয়ারত শেষে তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক নিবাস দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে যান। উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা জুবাইদা রহমানের সঙ্গে তার বিয়ে হয়। বিরাইমপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার বিশেষ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচনী জনসভা
সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।