শুক্রবার থেকে রবিবারের মধ্যে যেকোনো সময় বৈঠক
বিশেষ প্রতিনিধি, ইসলামাবাদ:
ইসলামাবাদে গত সপ্তাহান্তে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের পর কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই ফিরে গিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। তবে মঙ্গলবার পাঁচটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, চলতি সপ্তাহের শেষ দিকেই দুই দেশ পুনরায় আলোচনায় বসতে পাকিস্তানে ফিরতে পারে।
১৯৭৯ সালের পর প্রথমবারের মতো ইসলামাবাদে এই সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও রবিবারের বৈঠক থেকে কোনো চুক্তি আসেনি, তবে আলোচনা পুরোপুরি ভেঙেও পড়েনি। রয়টার্সের তথ্যমতে, সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যে তারিখ এখনও চূড়ান্ত না হলেও উভয় পক্ষকে পুনরায় প্রতিনিধি পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে যেকোনো সময় এই বৈঠক হতে পারে।
পাকিস্তানের সরকারি সূত্রগুলো জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ইসলামাবাদের মূল লক্ষ্য হলো চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী কূটনীতির পথ সুগম করা।
বর্তমানে ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। তবে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আরোপের প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “বল এখন ইরানের কোর্টে।” তিনি জানান, ওয়াশিংটন তাদের রেড লাইন বা চূড়ান্ত শর্তগুলো স্পষ্ট করে দিয়েছে।
বিশেষ করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম এবং তারা যেন ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করার জন্য একটি কঠোর তদারকি ব্যবস্থার বিষয়ে কোনো আপস করবে না যুক্তরাষ্ট্র।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, আলোচনার জন্য ইরানই তাদের সাথে যোগাযোগ করছে। তবে ইরান অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র মাত্রাতিরিক্ত দাবি জানাচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে ফোনালাপে জানিয়েছেন, তেহরান আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং তারা যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলবে।
সব মিলিয়ে তুরস্ক ও মিসরের সমর্থনে পাকিস্তান বর্তমানে এই সংঘাত নিরসনে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, চলমান সমস্যাগুলো সমাধানে পূর্ণ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
businesstoday24.com ফলো করুন









