Home First Lead পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

দীপেন দেওয়ান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। আজ সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট দীপেন দেওয়ান বেশ কিছুদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক ও প্রশাসনিক কাজ সুচারুভাবে পরিচালনা করা তার পক্ষে কঠিন হয়ে পড়ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থেই তিনি স্বেচ্ছায় এই পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি (২৯৯ নম্বর) আসন থেকে রেকর্ড ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই নেতা। এরপর গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ ও দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব গ্রহণের মাত্র সাড়ে তিন মাসের মাথায় তার এই আকস্মিক পদত্যাগ বর্তমান মন্ত্রিসভায় কোনো মন্ত্রীর প্রথম সরে দাঁড়ানোর ঘটনা।

তার পদত্যাগের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব আপাতত কার ওপর ন্যস্ত করা হচ্ছে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Visit www.businesstoday24.com