বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে ধান ও চালের মজুতে ভয়াবহ অনিয়ম ও বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১১ জানুয়ারি) দিনভর জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় অবস্থিত খাদ্যগুদামের ৮টি গুদামে অভিযান চালিয়ে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চালের হদিস পায়নি দুদকের এনফোর্সমেন্ট টিম।
অভিযানের নেপথ্যে: দুদক সূত্রে জানা গেছে, সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কথা থাকলেও কর্মকর্তাদের যোগসাজশে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল সংগ্রহ করা হচ্ছিল। এছাড়া নতুন বস্তার বদলে পুরাতন বস্তা ব্যবহার এবং গুদামের ধান-চাল বাইরে বিক্রি করে অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এই ঝটিকা অভিযান চালানো হয়।
ভয়াবহ তথ্য: অভিযান শেষে জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. সাবদারুল ইসলাম জানান, গুদামে বড় ধরনের ঘাটতি দেখা গেছে। ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চালের কোনো হদিস পাওয়া যায়নি। এছাড়া গুদামে মজুদ করা চালের বড় একটি অংশই মানুষের খাওয়ার অনুপযোগী।
বর্তমান অবস্থা: অনিয়ম পাওয়ায় সংশ্লিষ্ট গুদামগুলো এরই মধ্যে সিলগালা করে দেওয়া হয়েছে। ঘাটতি হওয়া মালামালের বিষয়ে গুদাম কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
দুদক কর্মকর্তা জানিয়েছেন, সংগৃহীত তথ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










