বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড়: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভির আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, এবং উপজেলা এনসিপির সমন্বয়ক মো. হারুনুর রশীদ।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিস হ্যাপি চাকমা, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু এবং তথ্য আপা ম্রাচাই মার্মা। বক্তারা তাদের বক্তব্যে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সহিংসতা প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, একটি সমৃদ্ধ সমাজ গঠনে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা অপরিহার্য। বর্তমান সরকারের বিভিন্ন নারীউন্নয়নমূলক কর্মসূচির ফলে নারীরা আজ প্রশাসন ও নেতৃত্বের শীর্ষ পর্যায়ে অবদান রাখছেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিবসটির কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।