Home জাতীয় গজারিয়ায় নেতাকর্মী ও জনতার ঢল: প্রধানমন্ত্রীকে অভূতপূর্ব সংবর্ধনা

গজারিয়ায় নেতাকর্মী ও জনতার ঢল: প্রধানমন্ত্রীকে অভূতপূর্ব সংবর্ধনা

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মুন্সীগঞ্জ: গজারিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে মহাসড়কে নেমেছে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। চাঁদপুর যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে এই অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়।
শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকেই উপজেলাধীন মেঘনা ব্রিজের পূর্ব প্রান্ত থেকে মহাসড়কের কুমিল্লামুখী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে অবস্থান গ্রহণ করেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, জেলা পরিষদ চেয়ারম্যান কেএম এরাদত মানু এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোশাররফ হোসেন পুস্তি, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম ভিপি মাসুম, এম ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জামাল ভূঁইয়াসহ স্থানীয় অঙ্গসংগঠনের শীর্ষনেতৃবৃন্দ।
মহাসড়কে অবস্থানকালে বিশিষ্ট শিল্পপতি মোশাররফ হোসেন পুস্তি বলেন, “প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আমরা মহাসড়কে যেভাবে অবস্থান নিয়েছি, তিনিও আমাদের আবেগ ও ভালোবাসার প্রতিদান দিয়েছেন। তিনি আমাদের অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।”
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, “প্রধানমন্ত্রী চাঁদপুর যাওয়া উপলক্ষ্যে ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত প্রতিটি নির্বাচনী এলাকায়ই নেতাকর্মীরা অভিবাদন জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাধারণ মানুষ, নারী, কৃষক, জেলে, যুবক ও ছাত্রসহ সর্বস্তরের জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মহাসড়কে অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রীও আমাদের অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। এই আসনের মানুষের পক্ষ থেকে আমি তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”