Home বিনোদন প্রিয়াঙ্কার গলায় সাপ, নিক জোনাস হতবাক: ভাইরাল সাহসী ফটোশুট!

প্রিয়াঙ্কার গলায় সাপ, নিক জোনাস হতবাক: ভাইরাল সাহসী ফটোশুট!

বিনোদন ডেস্ক: বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) বরাবরই তাঁর আত্মবিশ্বাস ও সাহসিকতার জন্য আলোচনায় থাকেন। কখনও সাহসী চরিত্রে অভিনয়, কখনও খোলামেলা মতামত, সবসময়ই তিনি নিজের ব্যতিক্রমী উপস্থিতিতে ভক্তদের চমকে দেন। তবে এবার তিনি যা করেছেন, তা দেখে শুধু নেটিজেন নয়, স্বামী নিক জোনাসও (Nick Jonas) হতবাক।

সম্প্রতি প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায় তিনি সাদা টপ ও ডেনিম জিন্স পরে গলায় ঝুলিয়ে রেখেছেন আস্ত একটি সাপ। ভিডিওতে নিক মজার ছলে বলেন, “তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।” উত্তরে হেসে প্রিয়াঙ্কা বলেন, “ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।”

ভিডিওর দৃশ্য দেখে বোঝা যায়, নিক খানিকটা ভয় পেয়েছেন, আর সেই ভয় নিয়েই মজা পাচ্ছেন প্রিয়াঙ্কা। সাপের সঙ্গে তিনি একেবারেই স্বচ্ছন্দ। কখনও গলায় হলুদ অজগর, কখনও বা কালো সাপ ঝুলিয়ে পোজ দিয়েছেন তিনি। এমনকি আরেকটি ছবিতে দেখা যায়, হাতে কোবরা ধরে আছেন অভিনেত্রী।

ভক্তরা প্রিয়াঙ্কার এমন সাহসিকতায় বিস্মিত ও মুগ্ধ দুটোই। কেউ মন্তব্য করেছেন, “তোমার ছবিটা টানা তিন রাত আমাকে তাড়া করবে প্রিয়াঙ্কা।” আবার কেউ লিখেছেন, “বিপজ্জনক কিন্তু দারুণ।” অন্যদিকে কেউ কেউ মজা করে বলেছেন, “নিকের মুখটা একবার দেখা দরকার, নিশ্চয়ই রঙ উড়ে গেছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। অনেকে একে প্রিয়াঙ্কার ফিয়ারলেস ফ্যাশন স্টেটমেন্ট বলে প্রশংসা করছেন।

বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া ব্যস্ত একাধিক সিনেমার কাজে। তিনি ভারতের বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবিতে অভিনয় করছেন, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন মহেশবাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালে।

নিজের কাজ, স্টাইল ও সাহসিকতায় প্রিয়াঙ্কা আবারও প্রমাণ করলেন যে ঝুঁকি নিতে ভয় পান না তিনি, বরং সেটাকেই আত্মবিশ্বাসের অলঙ্কারে রূপ দিতে জানেন।