Home চট্টগ্রাম বায়েজিদে হত্যাকাণ্ড: মূল হোতাসহ গ্রেপ্তার ৬

বায়েজিদে হত্যাকাণ্ড: মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় আলোচিত রাজু হত্যাকাণ্ড ও চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের মূল কারণ ছিল রাউজানের দুই সন্ত্রাসী গোষ্ঠীর আধিপত্য বিস্তার এবং পুরনো খুনের প্রতিশোধ।

মঙ্গলবার (১২ মে) ঘটনার এক সপ্তাহ পর কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত ৭ মে রাতে রৌফাবাদ এলাকায় অস্ত্রধারীদের একটি দল রাজুকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। প্রাণ বাঁচাতে রাজু পালানোর চেষ্টা করলেও সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

এই নৃশংস হামলার সময় ঘটনাস্থলে থাকা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রেশমি আক্তার চোখে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে।

সিএমপির উত্তর বিভাগের উপ-কমিশনার আমীরুল ইসলাম আজ বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, মূলত রাউজান এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব ও অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই খুনের পরিকল্পনা করা হয়। বিশেষ করে গত ২৬ এপ্রিল রাউজানে নিহত মুহাম্মদ নাসির উদ্দিন তালুকদার হত্যাকাণ্ডের বদলা নিতেই রাজুকে টার্গেট করা হয়েছিল। রাজু ওই মামলার এজাহারভুক্ত সাত নম্বর আসামি ছিলেন।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মূল আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। আধিপত্যের এই নোংরা লড়াইয়ে একজন নিরপরাধ শিশুর জীবন বিপন্ন হওয়ায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রেখেছে।