বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: নগরীর মুরাদপুরস্থ বিজিএমইএ স্কুলের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । রবিবার (১৯ এপ্রিল, ২০২৬) আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতোসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী । তিনি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে ২০০৫ সাল থেকে সম্পূর্ণ নিজস্ব খরচে এই স্কুলটি পরিচালিত হচ্ছে । গত ২০ বছরে এই স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন । স্কুলটিকে আরও মানোন্নয়ন এবং উপযুক্ত স্থানে স্থানান্তরের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি ।
প্রধান বক্তা ও বিজিএমইএ স্কুলের পরিচালক ইনচার্জ এনামুল আজিজ চৌধুরী বলেন, এই স্কুলের অনেক প্রাক্তন শিক্ষার্থী এখন ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করছেন । তিনি শিক্ষার্থীদের সততা ও শিষ্টাচার শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন ।
অনুষ্ঠানের সভাপতি ও বিজিএমইএ স্কুলের চেয়ারম্যান আরশাদ উর রহমান বলেন, শ্রমজীবী পরিবারের সন্তানরা যেন পড়ালেখায় পিছিয়ে না পড়ে, সেজন্য বিজিএমইএ’র সকল সদস্য অভিভাবক হিসেবে তাদের পাশে আছে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক মো. সাইফ উল্যাহ মানসুর । এছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন । এই আয়োজনে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পাশাপাশি দুই শতাধিক স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীর চোখের পরীক্ষা করা হয় ।
পরবর্তী আপডেটের জন্য businesstoday24.com ফলো করুন এবং আপনার মন্তব্য জানান।