Home সারাদেশ কুড়িগ্রাম সীমান্তে উত্তেজনা: রাতের আঁধারে বিএসএফের সড়ক নির্মাণে বিজিবির বাধা

কুড়িগ্রাম সীমান্তে উত্তেজনা: রাতের আঁধারে বিএসএফের সড়ক নির্মাণে বিজিবির বাধা

নয়ন দাস, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নতুন সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রাতের আঁধারে প্রায় এক কিলোমিটার এলাকায় এই নির্মাণ কাজ শুরু করলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় তা শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর কাছাকাছি ভারতীয় অভ্যন্তরে (কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকা) কুর্শাহাট-টু-দিনহাটা প্রধান সড়কের পাশে নতুন করে পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় বিএসএফ। সীমান্ত থেকে মাত্র ৫০-৭০ গজ দূরত্বের মধ্যে এই নির্মাণ কাজ চলছিল, যা আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী।
গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে বিএসএফ সদস্যরা পাহারায় থেকে রাতের আঁধারে এই কাজ চালিয়ে আসছিল। বিষয়টি বিজিবির নজরে আসতেই তারা সীমান্তে টহল জোরদার করে এবং নির্মাণ কাজে সরাসরি বাধা প্রদান করে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে খলিশাকোঠাল সীমান্তের জিরো পয়েন্টে দুই বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি প্রতিনিধি: লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের।
বিএসএফ প্রতিনিধি: ভারতের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।
বৈঠকে বিজিবির প্রতিবাদের মুখে বিএসএফ তাদের নির্মাণ সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে। তবে সীমান্তে এখনো উত্তেজনা ও সতর্কতা বিরাজ করছে।

“বিজিবির টহল টিমের উপস্থিতি দেখে এবং আমাদের বাধার মুখে বিএসএফ সড়ক নির্মাণের সরঞ্জাম সরিয়ে নিচ্ছে। আমরা বর্তমানে সীমান্তে কড়া নজরদারিতে রয়েছি।” — সুবেদার আবু তাহের, কমান্ডার, বালারহাট বিজিবি ক্যাম্প।

বিজিবির পরবর্তী পদক্ষেপ
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় জানিয়েছেন, বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। পরিস্থিতি পর্যালোচনায় আগামী কয়েক দিনের মধ্যে বিজিবি ও বিএসএফ-এর ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ে আরও একটি বড় ধরনের পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে খলিশাকোঠাল সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল অব্যাহত রয়েছে।