ফেরার পথে ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি তুর্কি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
এই সফরে অন্যতম আকর্ষণ ছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল। তবে ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে উখিয়ায় ওজিলের গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
উখিয়ায় ফুটবল উন্মাদনা: বিকেলে উখিয়ার মধুরছড়া খেলার মাঠে আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশন (এআরএফএফ) আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে ওজিল ও বিলাল এরদোয়ান উপস্থিত হলে দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই তারকা ফুটবলার কিছু সময়ের জন্য মাঠে নেমে খেলেন।
ওজিল বল নিয়ে ড্রিবলিং করে গোলপোস্টের দিকে এগিয়ে যান এবং তার একটি লক্ষ্যভেদী শট জালে জড়ালে গ্যালারিতে উপস্থিত দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা তার দীর্ঘ ক্যারিয়ারে ৬৪৫ ম্যাচে ১১৪টি গোল করেছেন।
ফেরার পথে দুর্ঘটনা: পরিদর্শন শেষে কক্সবাজার শহরে ফেরার পথে সন্ধ্যা পৌনে ৭টার দিকে উখিয়া কুতুপালং এলাকায় ওজিলের গাড়িবহরের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন।
উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি অটোরিকশা বহরের ভেতরে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এতে বহরের একটি গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং অটোরিকশাটি জব্দ করা হয়েছে।” পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
মানবিক সহায়তা ও ইফতার: এর আগে সকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সফরে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (TIKA) সভাপতি আব্দুল্লাহ এরেন এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন উপস্থিত ছিলেন। দিনশেষে তারা ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের ‘টিকা কিচেন সেন্টারে’ রমজানের প্রথম ইফতারে অংশ নেন।
businesstoday24.com-কে ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।










