Home রাজনীতি তদন্তে সত্যতা, পদ হারালেন সিলেটের আলোচিত নেত্রী সারা

তদন্তে সত্যতা, পদ হারালেন সিলেটের আলোচিত নেত্রী সারা

মালেকা খানম সারা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত নেত্রী মালেকা খানম সারা অবশেষে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হয়েছেন। অনৈতিক কর্মকাণ্ড, শৃঙ্খলাভঙ্গ এবং একাধিক গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় ছাত্রশক্তি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে শৃঙ্খলা কমিটি তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব—সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশে তাকে সব পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ী বহিষ্কার করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, সারার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, তদবিরবাজি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগও সামনে আসে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, মালেকা খানম সারা একসময় সিলেট জেলা শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে এবং সমালোচনার ঝড় ওঠে।
এদিকে সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে, শৃঙ্খলা বজায় রাখতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।