বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটের গোয়াইনঘাটে এক অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর ঘটনায় শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতেই হাতাহাতিতে জড়িয়েছেন যুবদল নেতারা। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এর ফলে অনুষ্ঠানটি কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পণ্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছে মঞ্চে আসন গ্রহণ করার পর তার পাশের নির্ধারিত চেয়ারে বসাকে কেন্দ্র করে উপস্থিত দুই যুবদল নেতার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বিতর্ক হাতাহাতিতে রূপ নেয় এবং উভয় নেতার অনুসারীরা তর্কে জড়িয়ে পড়লে অনুষ্ঠানস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
নিজের সামনে এমন উশৃঙ্খল পরিবেশ দেখে মন্ত্রী আরিফুল হক চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি ভবন উদ্বোধন না করেই দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরবর্তীতে পুলিশি নিরাপত্তায় তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
উদ্বোধন অনুষ্ঠান পণ্ড হলেও মন্ত্রী পরে তার পূর্বনির্ধারিত অন্য একটি কর্মসূচিতে অংশ নেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মন্ত্রীর নির্দেশে তাকে দ্রুত ও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে মন্ত্রীর সামনে এমন বিশৃঙ্খল আচরণে স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই একে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং বিব্রতকর হিসেবে অভিহিত করেছেন।
পরবর্তী সব আপডেট পেতে businesstoday24.com ফলো করুন ।