Home সারাদেশ পুরান ঢাকায় ফের রহস্যজনক খুন: প্রেমিকার বাড়ি থেকে তরুণের লাশ উদ্ধার

পুরান ঢাকায় ফের রহস্যজনক খুন: প্রেমিকার বাড়ি থেকে তরুণের লাশ উদ্ধার

সজিব
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় প্রেমিকার বাড়ি থেকে মোহাম্মদ সজিব (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আগামসিহ লেনের ৯৩/১ নম্বর একটি বাড়ির চারতলার সিঁড়ি থেকে গলায় জিআই তার পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি শ্বাসরোধে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনা পুরান ঢাকায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার একই ধরনের মৃত্যুর ঘটনা, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

নিহত সজিব স্থানীয় বংশাল আহমেদ বাউনিয়া স্কুল ও কলেজ থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তবে তিনি অকৃতকার্য হন বলে জানা গেছে।

ঘটনার বিবরণ:
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। “চারতলার সিঁড়িতে গলায় জিআই তার পেঁচানো অবস্থায় লাশটি উপুড় হয়ে পড়ে ছিল। প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে মোবাইলের সূত্রে তার পরিচয় শনাক্ত হয়।”

এসআই দুলাল আরও জানান, যে ভবন থেকে লাশ উদ্ধার করা হয়েছে, তার চারতলায় শুধু একটি পরিবার বসবাস করত বলে জানা গেছে, বাকি পুরো ভবনটি গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। ঘটনাস্থলের ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীকে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।” লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রেমের সম্পর্ক ও পরিবারের অভিযোগ:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের চাচাতো ভাই মো. ইসলাম জানান, সজিবদের বাসা বংশালের আগামাসি লেনেই। সজিব কিছুদিন আগে তাবলীগের সঙ্গে দোহারে গিয়েছিলেন এবং শুক্রবার (২৪ অক্টোবর) বাসায় ফিরে আসেন। শনিবার দুপুর ৩টার দিকে একটি ফোন পেয়ে সজিব বাসা থেকে বের হন। বিকালেই তারা জানতে পারেন, একটি বাসার সিঁড়িতে সজিবের লাশ পাওয়া গেছে।

ইসলাম আরও জানান, যে বাসায় সজিবের লাশ পাওয়া গেছে, সেই চারতলায় তার প্রেমিকা খাদিজার পরিবার থাকত। পরিবারের দাবি, সজিবের সঙ্গে খাদিজার প্রায় ছয় বছরের সম্পর্ক ছিল। মাঝেমধ্যে মনোমালিন্য হলেও সম্প্রতি তাদের সম্পর্ক স্বাভাবিক হয়। তবে খাদিজার মামারা এই সম্পর্ক মেনে নিতে পারছিলেন না। ঘটনার পর থেকে খাদিজা ও তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সজিবের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, খাদিজার দুই মামা—ইকবাল ও কামাল—পরিকল্পিতভাবে সজিবকে ডেকে নিয়ে হত্যা করেছেন। সজিবের স্বজনরা বলেছেন, খাদিজা তাকে তাদের বাসায় ডেকে নেয় এবং মেয়ের স্বজনরা তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে হত্যা করে।

সজিব বংশালের ১৭ আগামাছি লেনের স্থানীয় বাসিন্দা তাজউদ্দিনের ছেলে। দুই ভাই তিন বোনের মধ্যে সে ছিল চতুর্থ। এসএসসি পাসের পর সে বিদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং বর্তমানে কিছু করত না।

উদ্বেগ বাড়ছে পুরান ঢাকায়:
উল্লেখ্য, এর আগে গত ১৯ অক্টোবরও রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছিল। পুলিশ সেটিকে ‘ত্রিভুজ প্রেমঘটিত হত্যাকাণ্ড’ হিসেবে চিহ্নিত করে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পুরান ঢাকায় এমন দুটি তরুণের রহস্যজনক মৃত্যু স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ দুটি ঘটনারই নিবিড় তদন্ত চালাচ্ছে।