বিজনেসটুডে২৪ ডেস্ক: দীর্ঘ মাতৃত্বকালীন বিরতির পর আবারও রূপালি পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী গত বছর (২০২৪ সালের জুলাই মাসে) কন্যা জুনেইরা ইদা ফজলের জন্ম দেন। আর এবার নিজের পরবর্তী চলচ্চিত্রে অভিনয় করছেন এমন এক অনাথ নারীর চরিত্রে, যিনি সময়ের সঙ্গে সঙ্গে গড়ে তুলেছেন নিজস্ব সাম্রাজ্য—বাইরে থেকে সফল ও হাসিখুশি, অথচ অন্তরে জমে থাকা শূন্যতা, প্রশ্ন ও একাকীত্বের ভারে নুয়ে আছেন।
নতুন এই ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। এতে রিচা অভিনয় করবেন এক উচ্চবিত্ত উদ্যোক্তার ভূমিকায়। একজন নারী যাঁর জীবনের খাতায় শুধুই লড়াই, আত্মপ্রমাণের দায় আর আত্মিক সংযোগের খোঁজ। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চরিত্রটি যেমন আবেগপ্রবণ, তেমনই বাস্তব ও শক্তিশালী। এটি রিচার কেরিয়ারের অন্যতম গভীর অভিনয় হয়ে উঠবে বলে আশা নির্মাতাদের।
রিচা বলেন, “এই চরিত্রটা আমার কাছে শুধু একটা রোল নয়, একটা জার্নি। চিত্রনাট্য পড়েই থমকে গিয়েছিলাম। বাস্তব জীবনের মতো টানাপোড়েনে ভরা গল্প, যেখানে হাস্যরসের মোড়কে চাপা পড়ে আছে গভীর আবেগ। আজকের এই প্রযুক্তিনির্ভর সময়ে এই গল্প মনে করিয়ে দেবে মানবিক সংযোগ, শেকড় ও পরিবার কতটা গুরুত্বপূর্ণ।”
ছবির পরিচালনায় রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক নারী পরিচালক। এই নারী পরিচালক সমাজমুখী নারী-কেন্দ্রিক সিনেমার জন্য প্রশংসিত হয়েছেন। ছবির নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে প্রযোজক সূত্রে জানা গেছে এটি ২০২৬ সালের গ্রীষ্মে মুক্তি পেতে পারে।
এই ছবির কাজ শেষ করেই রিচা যোগ দেবেন আরেকটি প্রজেক্টে। একটি সঙ্গীতনির্ভর রোমান্টিক কমেডিতে। শুটিং শুরু হবে ২০২৫ সালের অক্টোবর মাসে।
রিচা চাড্ডাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক থ্রিলার “ম্যাডাম চিফ মিনিস্টার” ছবিতে। মা হওয়ার পর তার এই প্রত্যাবর্তন নিয়ে বলিউডে এবং তার অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উৎসাহ।









