Home সারাদেশ রামগড়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রামগড়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড়ে তীব্র শীত মোকাবিলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে এবং রামগড় উপজেলা যুব রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনায় স্থানীয় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন খাগড়াছড়ি ইউনিটের সাবেক যুব প্রধান ও সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের সদস্য করিম শাহ।
বিতরণকালে করিম শাহ বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে রেড ক্রিসেন্ট প্রতি বছরের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আর্তমানবতার সেবায় যুব সদস্যদের এই নিষ্ঠা ও ত্যাগ আগামীতেও অব্যাহত থাকবে।”
রামগড় উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উপদল নেতা-১ মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদল নেতা-২ মোঃ আবু নাছেরসহ ইউনিটের অন্যান্য যুব সদস্যরা।